হার্টের রিং ভ্যাট প্রত্যাহার, দাম কমবে ২০ হাজার টাকা
হার্টের রিং ভ্যাট প্রত্যাহার করায় হৃদ্রোগের চিকিৎসা এখন আরও সাশ্রয়ী হওয়ার পথ খুলল। সরবরাহকারী পর্যায়ে ১০ শতাংশ ভ্যাট তুলে নেওয়ার ফলে প্রতিটি হার্টের রিংয়ের দাম সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত কমতে পারে বলে বাজেট বক্তৃতায় জানিয়েছেন অর্থমন্ত্রী। দেশে হৃদ্রোগে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। অনেক পরিবারের কাছে হার্টের রিং বসানোর মতো ব্যয়বহুল চিকিৎসা এত দিন ধরা-ছোঁয়ার বাইরে ছিল। এবারের বাজেটে সেই বাস্তবতাকে বিবেচনায় নিয়ে সরকার এই করছাড়ের সিদ্ধান্ত নিয়েছে।
কিডনি রোগীদের জন্যও স্বস্তির খবর
শুধু হার্ট নয়, কিডনি রোগীদের জন্যও রয়েছে আশার আলো। ডায়ালাইসিস ফিল্টার আমদানিতে আগে যে ১৫ শতাংশ ভ্যাট ও ৫ শতাংশ অগ্রিম কর আরোপিত ছিল, তা সম্পূর্ণ তুলে দেওয়া হয়েছে। এই সুবিধার ফলে প্রতিটি ডায়ালাইসিস সেশনে একজন রোগীর খরচ ৮০০ টাকা পর্যন্ত কমে আসতে পারে বলে মনে করছেন অর্থমন্ত্রী। দীর্ঘমেয়াদি ডায়ালাইসিস নিতে হয় এমন রোগীদের জন্য বার্ষিক হিসেবে এটি বড় সাশ্রয়। এ ছাড়া হেমোডায়ালাইসিসে ব্যবহৃত ব্লাড টিউবিং সেট আমদানিতে সাড়ে ৭ শতাংশ অগ্রিম কর প্রত্যাহার করা হয়েছে, যা কিডনি চিকিৎসার সামগ্রিক ব্যয় আরও কমাতে ভূমিকা রাখবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

