ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: জর্ডানে মার্কিন কমান্ড সেন্টার লক্ষ্য
কুয়েত ও বাহরাইনের পর এবার জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক কমান্ড সেন্টারে আঘাত হানল ইরান। ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পরিচালনা করেছে দেশটির অভিজাত সামরিক বাহিনী ইসলামি বিপ্লবী গার্ড (আইআরজিসি)। আজ বৃহস্পতিবার (১১ জুন) আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে বিষয়টি নিশ্চিত করেছে।
আইআরজিসির অ্যারোস্পেস বিভাগ একযোগে ১২টি দূরপাল্লার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে মেরেছে বলে জানা গেছে। ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম জানিয়েছে, এই অভিযানকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘শাস্তিমূলক অপারেশন’ হিসেবে আখ্যা দিয়েছে বিপ্লবী গার্ড বাহিনী।
আল-আজরাক বিমানঘাঁটি: মধ্যপ্রাচ্যে মার্কিন বায়ুশক্তির কেন্দ্র
হামলার লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত জর্ডানের ‘আল-আজরাক বিমানঘাঁটি’ মধ্যপ্রাচ্যে মার্কিন বিমানবাহিনীর অন্যতম কৌশলগত ঘাঁটি হিসেবে পরিচিত। সিরিয়া ও ইরাকে মার্কিন ড্রোন ও যুদ্ধবিমান পরিচালনায় এই ঘাঁটি সরাসরি ভূমিকা রাখে।
আইআরজিসি দাবি করেছে, হামলায় ঘাঁটির মূল ভবন ও নিয়ন্ত্রণ কক্ষ সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে এবং রানওয়েতে থাকা একাধিক মার্কিন যুদ্ধবিমান ধ্বংস হয়ে গেছে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ ব্যাপারে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, এর আগে ইরান দাবি করেছিল তারা কুয়েত ও বাহরাইনের তিনটি মার্কিন বিমানঘাঁটিসহ মোট ১৮টি সামরিক স্থাপনায় সফলভাবে আঘাত হেনেছে। সেই হামলার প্রতিক্রিয়া স্তিমিত হওয়ার আগেই জর্ডানে নতুন এই হামলার খবর আঞ্চলিক উত্তেজনাকে আরও একধাপ বাড়িয়ে দিয়েছে।

