সৌদি আরব সফরের আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদ। আজ সোমবার (৬ জুলাই) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের এক বৈঠকে আনুষ্ঠানিকভাবে এই আমন্ত্রণ জানানো হয়।
বৈঠকে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহ যুবরাজের পাঠানো আমন্ত্রণপত্রটি সরাসরি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমানও সৌদি যুবরাজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন বলে জানা গেছে।
দুই দেশের মধ্যে সফরসূচি চূড়ান্তের প্রক্রিয়া শুরু
পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি জানান, দুই সরকারের মধ্যে আলোচনার মাধ্যমেই প্রধানমন্ত্রীর সৌদি আরব সফরের চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করা হবে।
তিনি আরও জানান, বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় ছাড়াও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার উপায় নিয়ে আলোচনা করেছে। সৌদি আরবকে বাংলাদেশের দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে সৌদি আরবের আগ্রহের কথাও বৈঠকে উঠে এসেছে।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং বাংলাদেশে নিযুক্ত সৌদি উপ-রাষ্ট্রদূত ইব্রাহিম আবদুল্লাহ।

