জুলাই সনদের পথে হাঁটতে বিরোধী দলের তালিকার অপেক্ষায় আইনমন্ত্রী
বিরোধী দলের প্রতিনিধিদের নামের তালিকা পেলেই জুলাই সনদ-এর ভিত্তিতে সংবিধান সংশোধনের পথে এগিয়ে যাবে সরকার — এমনটাই জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।
রোববার (৩১ মে) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের চেক বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
আইনমন্ত্রী বলেন, সংসদ অধিবেশনের শেষ সেশনের আগেই সরকারের পক্ষ থেকে বিরোধী দলকে ১৭ সদস্যবিশিষ্ট একটি সংবিধান সংশোধন কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়। এতে সরকারের পক্ষ থেকে সাতজন এবং পাঁচজন স্বতন্ত্র প্রতিনিধি রাখা হয়েছে। বাকি পাঁচজন আসবেন বিরোধী দলের সুপারিশ থেকে।
তিনি জানান, বিরোধী দল জানিয়েছে পরবর্তী সেশনে তারা প্রতিনিধির নাম দেবে। সেই তালিকা হাতে পৌঁছালেই কমিটি পূর্ণাঙ্গ রূপ পাবে এবং জুলাই সনদের পথ অনুসরণ করে সংবিধান সংশোধনের কাজ শুরু হবে।
অধ্যাদেশ ও রামিসা হত্যা মামলা নিয়েও কথা বললেন মন্ত্রী
অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা কিছু অধ্যাদেশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী স্পষ্ট করেন, এগুলো বাতিল নয়, বরং আরও যাচাই-বাছাইয়ের প্রয়োজনে এখনো উপস্থাপন করা হয়নি। ইতিমধ্যে মানবাধিকার কমিশন আইন ও গুম কমিশন আইন নিয়ে প্রাথমিক পরামর্শ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। প্রাপ্ত সুপারিশগুলো পর্যালোচনা শেষে দ্রুততম সময়ে সেগুলো অগ্রাধিকারের তালিকায় আনা হবে।
রাজধানীর মিরপুরে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিষয়ে আইনমন্ত্রী জানান, প্রতিশ্রুতি অনুযায়ী এক সপ্তাহের মধ্যে চার্জশিট দেওয়া সম্ভব হয়েছে। সোমবার আদালত খোলার প্রথম দিনেই মামলাটি গুরুত্ব বিবেচনায় শুনানির জন্য তালিকাভুক্ত করা হয়েছে।
তিনি আরও বলেন, আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং সংগৃহীত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবেন বলে তিনি আশাবাদী। ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার আদালতকে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখবে বলেও তিনি আশ্বাস দেন।

