নেইমার ইনজুরি নিয়ে আশার কথা শোনালেন কোচ আনচেলত্তি
নেইমার ইনজুরি নিয়ে বিশ্বকাপের আগে যে শঙ্কা তৈরি হয়েছিল, তা অনেকটাই কমিয়ে দিলেন ব্রাজিলের হেড কোচ কার্লো আনচেলত্তি। শনিবার তিনি জানান, ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা খুব দ্রুতই তার কাফ মাসলের চোট কাটিয়ে উঠছেন এবং বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই মাঠে নামার সম্ভাবনা রয়েছে।
গণমাধ্যমে আগে খবর ছিল, নেইমারকে প্রায় তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে। তবে ইতালিয়ান এই কোচ সেই আশঙ্কা নাকচ করে দিয়েছেন। আনচেলত্তি জানিয়েছেন, ১৩ জুন নিউ জার্সিতে মরক্কোর বিপক্ষে উদ্বোধনী ম্যাচের জন্য ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড পুরোদমে ফিটনেস ফেরানোর কাজ করে যাচ্ছেন।
উদ্বোধনী ম্যাচ না হলেও দ্বিতীয়তে থাকবেন নেইমার
কোচ আনচেলত্তি বলেন, ‘আমরা বিশ্বাস করি সে শিগগিরই ফিরবে। উদ্বোধনী ম্যাচে না পারলেও দ্বিতীয় ম্যাচে সে নিশ্চিতভাবেই থাকবে।’ এই বক্তব্য ব্রাজিল সমর্থকদের মনে কিছুটা স্বস্তি এনেছে।
বার্সেলোনা ও পিএসজির সাবেক এই তারকা বর্তমানে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে খেলছেন। চোট ও ধারাবাহিক ফর্মহীনতার কারণে প্রায় তিন বছর জাতীয় দলের বাইরে ছিলেন তিনি। তারপরও আনচেলত্তির ২৬ সদস্যের বিশ্বকাপ দলে জায়গা পেয়ে অনেককেই চমকে দিয়েছেন নেইমার।
বিশ্বকাপের আগে ব্রাজিল দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। রোববার মারাকানায় পানামার মুখোমুখি হবে সেলেসাও, এরপর ৬ জুন ক্লিভল্যান্ডে মিশরের বিপক্ষে চূড়ান্ত প্রস্তুতি সারবে তারা। এই দুই ম্যাচেই নেইমারকে বিশ্রামে রাখা হবে।
উল্লেখ্য, ব্রাজিলের হয়ে ১২৮ ম্যাচে ৭৯ গোল করা নেইমারের এটি হবে ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ।

