জাতীয়

ডেভিড ইমন গ্রেপ্তার: যশোরে ধরা পড়লেন চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন, যিনি ডেভিড ইমন নামে পরিচিত, তাঁকে অবশেষে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার সকালে যশোর থেকে চট্টগ্রাম জেলা পুলিশের একটি বিশেষ দল ডেভিড ইমন গ্রেপ্তার অভিযান পরিচালনা করে তাঁকে আটক করে।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, পাঁচজন সহযোগীসহ ইমনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আটক হওয়া সবাই অস্ত্রধারী শুটার হিসেবে পরিচিত।

বিদেশে পলাতক আরেক শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ইমনের বিরুদ্ধে বর্তমানে অন্তত ১৫টি মামলা চলমান রয়েছে। গত কয়েক বছর ধরে চাঁদাবাজি ও হুমকির একাধিক ঘটনায় তাঁর নাম বারবার সামনে এসেছে।

কে এই ইমন?

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার বাসিন্দা মো. মুসার ছেলে মোবারক হোসেন। পুলিশি তথ্যমতে, ২০২৫ সালের ৩০ মার্চ বাকলিয়া এলাকায় সংঘটিত জোড়া খুন এবং একই বছরের ২৩ মে রাতে পতেঙ্গা সৈকত এলাকায় সন্ত্রাসী ঢাকাইয়া আকবর হত্যাকাণ্ডসহ মোট সাতটি মামলার আসামি তিনি।

তদন্তকারীদের ভাষ্যমতে, মোবারক হোসেনের কাছে ১৫ থেকে ২০টি পর্যন্ত আগ্নেয়াস্ত্র থাকার তথ্য রয়েছে এবং অস্ত্র চালনায় তিনি যথেষ্ট পারদর্শী। বাকলিয়ার জোড়া খুনের ঘটনায় ভাড়াটে শুটার ও মোটরসাইকেল সংগ্রহের দায়িত্বও তাঁর ওপর ছিল বলে পুলিশের দাবি।

পুলিশ কর্মকর্তারা আরও জানান, বিদেশে পলাতক বড় সাজ্জাদের বাহিনী বর্তমানে চট্টগ্রামে দুজনের নেতৃত্বে পরিচালিত হচ্ছে, যাদের একজন এই মোবারক হোসেন। ছোট সাজ্জাদ কারাবন্দী থাকায় তাঁর জায়গায় বর্তমানে মোবারক হোসেন ও মোহাম্মদ রায়হান বাহিনীর হাল ধরেছেন। রায়হানের বিরুদ্ধেও চাঁদাবাজি, অস্ত্র ও হত্যাসহ অন্তত আটটি মামলা রয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, বড় সাজ্জাদের বাহিনীতে অন্তত ৫০ জন শুটার ও সহযোগী সক্রিয়ভাবে কাজ করছেন। রায়হান ও মোবারক হোসেন নিয়মিতভাবে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি করে আসছিলেন। ভুক্তভোগীরা অভিযোগ করলেও দীর্ঘদিন তাঁদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

c24newsbd.com

c24newsbd.com

মোহাম্মদ সানাউল্লাহ, সি২৪ নিউজ বিডি-এর প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক। সঠিক সময়ে বস্তুনিষ্ঠ সংবাদ পাঠকদের কাছে পৌঁছে দিতে নিয়োজিত একজন মাল্টিমিডিয়া কনটেন্ট ক্রিয়েটর এবং গ্রাফিক ডিজাইনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *