তথ্যপ্রযুক্তি

বিনামূল্যের ভেরিফায়েড ব্যাজ আনছে ফেসবুক, লাগবে সেলফি ভিডিও

নকল প্রোফাইল ও এআই দিয়ে তৈরি ভুয়া কনটেন্ট ঠেকাতে বড় পদক্ষেপ নিচ্ছে মেটা। প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়েছে, ব্যবহারকারীদের জন্য এখন থেকে ফেসবুকে বিনামূল্যের ভেরিফায়েড ব্যাজ পাওয়ার সুযোগ চালু হচ্ছে। প্রকৃত ব্যবহারকারীর পরিচয় নিশ্চিত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য, আর এজন্য কোনো টাকা খরচ করতে হবে না গ্রাহকদের।

গত শুক্রবার (২৪ জুলাই) ফেসবুকের প্রধান টম অ্যালিসন এই নতুন সুবিধার কথা জানান। তিনি বলেন, ভেরিফিকেশনের জন্য ব্যবহারকারীকে একটি সেলফি ভিডিও আপলোড করতে হবে, যা ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তির সাহায্যে প্রোফাইল ছবির সঙ্গে মিলিয়ে দেখা হবে। এই যাচাই প্রক্রিয়া সম্পন্ন হতে সময় লাগবে মাত্র কয়েক মিনিট।

কারা পাবেন এই সুবিধা, কী কী শর্ত

মেটার নীতিমালা অনুযায়ী, এই সুবিধা পেতে হলে ব্যবহারকারীর বয়স অন্তত ১৮ বছর হতে হবে এবং অ্যাকাউন্টটি ফেসবুকের কমিউনিটি নিয়মকানুন মেনে পরিচালিত হতে হবে। যাচাই শেষে ব্যাজটি মার্কেটপ্লেস ও ডেটিং সেবাসহ প্ল্যাটফর্মের বিভিন্ন অংশে দৃশ্যমান হবে।

তবে মেটা স্পষ্ট করে জানিয়েছে, নতুন এই ব্যাজ সেলিব্রিটি বা প্রতিষ্ঠানের জন্য আগে থাকা ভেরিফায়েড ব্যাজের বিকল্প নয়, বরং শুধু অ্যাকাউন্টের পেছনে একজন সত্যিকারের মানুষ আছেন—সেটিই নিশ্চিত করে। একইসঙ্গে এটি অর্থের বিনিময়ে দেওয়া মেটা ভেরিফায়েডের বিকল্পও নয়।

এআই-চালিত প্রতারণা রুখতে উদ্যোগ

মেটা জানিয়েছে, জেনারেটিভ এআই ব্যবহার করে প্রতারকরা বাস্তবসম্মত ছবি ও কাল্পনিক তথ্য দিয়ে ভুয়া প্রোফাইল বানাচ্ছে, যা থেকে স্বয়ংক্রিয়ভাবে ছড়াচ্ছে প্রতারণামূলক বার্তা। এই প্রবণতা ঠেকাতেই নতুন যাচাই ব্যবস্থা কার্যকর হবে বলে আশা প্রতিষ্ঠানটির।

পাশাপাশি টিকটকের ধাঁচে নতুন ফুল-স্ক্রিন ইমারসিভ ভিডিও ফিচারও পরীক্ষামূলকভাবে চালু করছে ফেসবুক। শুরুতে বাছাই করা কিছু ব্যবহারকারী এই সুবিধা পাবেন এবং চাইলে আগের ফিডভিত্তিক ইন্টারফেসেও ফিরে যেতে পারবেন।

পেজ বা প্রোমোটেড অ্যাকাউন্টের ক্ষেত্রে এই বিনামূল্যের ব্যাজ প্রযোজ্য হবে না বলে জানিয়েছে মেটা। আগামী সোমবার থেকে ধাপে ধাপে সীমিত কিছু বাজারে ফিচারটি চালু হবে, পরে ক্রমান্বয়ে বিশ্বব্যাপী সম্প্রসারিত করা হবে।

c24newsbd.com

c24newsbd.com

মোহাম্মদ সানাউল্লাহ, সি২৪ নিউজ বিডি-এর প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক। সঠিক সময়ে বস্তুনিষ্ঠ সংবাদ পাঠকদের কাছে পৌঁছে দিতে নিয়োজিত একজন মাল্টিমিডিয়া কনটেন্ট ক্রিয়েটর এবং গ্রাফিক ডিজাইনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *