হরমুজ প্রণালিতে নিয়ম না মানলে কঠোর পরিণতির হুঁশিয়ারি ইরানের
হরমুজ প্রণালি-তে সব ধরনের বাণিজ্যিক ও সামরিক জাহাজ চলাচলের ওপর কড়া বিধিনিষেধ আরোপ করেছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনী স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, নির্ধারিত নিয়ম না মেনে চললে জাহাজের নিরাপত্তার কোনো নিশ্চয়তা দেওয়া হবে না।
শনিবার (৩০ মে) ইরানের কেন্দ্রীয় সামরিক সদর দপ্তর খাতাম আল-আম্বিয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই হুঁশিয়ারি দেয়। বিবৃতিতে বলা হয়, প্রণালিতে চলাচলকারী সব তেলবাহী ট্যাংকার ও পণ্যবাহী জাহাজকে অবশ্যই নির্ধারিত রুট অনুসরণ করতে হবে এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌশাখার কাছ থেকে আগাম অনুমতি সংগ্রহ করতে হবে।
ইরান আরও জানিয়েছে, ওই অঞ্চলে মোতায়েন বিদেশি সামরিক বাহিনী যদি সমুদ্রপথে যেকোনো ধরনের হস্তক্ষেপ করে, তাহলে তার কঠোর জবাব দেওয়া হবে।
ট্রাম্পের ‘চূড়ান্ত সিদ্ধান্তের’ অপেক্ষায় উত্তেজনা
ইরানের এই ঘোষণা এমন এক সংকটময় মুহূর্তে এলো যখন দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ চলছে। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে শীর্ষ উপদেষ্টাদের নিয়ে বৈঠক করেন এবং ইরান ইস্যুতে শিগগিরই ‘চূড়ান্ত সিদ্ধান্ত’ নেওয়া হবে বলে ইঙ্গিত দেন, যদিও বৈঠক শেষে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগায়ি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা বিনিময় চলছে, তবে এখনো কোনো চুক্তি চূড়ান্ত হয়নি। অন্যদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সতর্ক করে দিয়েছেন, কার্যকর চুক্তি না হলে যুক্তরাষ্ট্র সামরিক অভিযান পুনরায় শুরু করতে সক্ষম।
সূত্র: আল জাজিরা

