জাতীয়

জাতীয় ঈদগাহে ঈদুল আযহার প্রধান জামাত সাড়ে ৭টায়

ঢাকা, ২৭ মে ২০২৬ — জাতীয় ঈদগাহে ঈদুল আযহা ২০২৬-এর প্রধান জামাত আগামীকাল সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ব্যবস্থাপনায় রাজধানীর এই ঐতিহাসিক ময়দানে সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ মন্ত্রিপরিষদের সদস্য, বিচারপতি এবং বিদেশি কূটনীতিকরা এই প্রধান জামাতে অংশ নেবেন বলে জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক প্রধান জামাতে ইমামতি করবেন বলে ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা নিশ্চিত করেছেন।

৩৫ হাজার মুসল্লির ধারণক্ষমতা, থাকছে পৃথক নারী ব্যবস্থাপনা

প্রায় ৩০ হাজার বর্গমিটার আয়তনের এই ঈদগাহ ময়দানে ১২১টি কাতারে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। এর মধ্যে ভিআইপি পুরুষ ২৫০ জন ও নারী ৮০ জনের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

সাধারণ মুসল্লিদের মধ্যে প্রায় ৩১ হাজার পুরুষ এবং সাড়ে ৩ হাজার নারীর জন্য পৃথক নামাজের ব্যবস্থা রয়েছে। নারীদের জন্য আলাদা প্রবেশপথ, ৫০টি ছোট কাতার এবং পৃথক অজুর সুবিধাও নিশ্চিত করা হয়েছে।

মুসল্লিদের সুবিধার জন্য শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, পর্যাপ্ত ফ্যান, নিরাপদ পানীয় জল, কার্পেট ও জায়নামাজ সরবরাহের পাশাপাশি ফায়ার সার্ভিস, প্রাথমিক চিকিৎসা এবং ভ্রাম্যমাণ টয়লেটের ব্যবস্থাও রাখা হয়েছে। মুসল্লিদের আকর্ষণ করতে ঈদগাহে নির্মাণ করা হয়েছে তিনটি দৃষ্টিনন্দন প্রবেশ ফটক।

সূত্র: বাসস

c24newsbd.com

c24newsbd.com

মোহাম্মদ সানাউল্লাহ, সি২৪ নিউজ বিডি-এর প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক। সঠিক সময়ে বস্তুনিষ্ঠ সংবাদ পাঠকদের কাছে পৌঁছে দিতে নিয়োজিত একজন মাল্টিমিডিয়া কনটেন্ট ক্রিয়েটর এবং গ্রাফিক ডিজাইনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *