শাকিব খানের রকস্টার ঈদের দিন থেকেই মাল্টিপ্লেক্সে চলবে
শাকিব খানের রকস্টার ঈদের দিন থেকেই মাল্টিপ্লেক্সে দেখা যাবে বলে জানিয়েছেন সিনেমার নির্মাতা আজমান রুশো। কনটেন্ট ফাইল সময়মতো না পৌঁছানোয় সাময়িক শঙ্কা তৈরি হলেও শেষ পর্যন্ত সমাধান হবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেছেন।
আজ বুধবার দুপুরে মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স তাদের ফেসবুক পেজে জানায়, ‘রকস্টার’ ও ‘মাসুদ রানা’-এর কনটেন্ট ফাইল এখনো তাদের হাতে পৌঁছায়নি। এ কারণে আপাতত শো-সূচি প্রকাশ ও টিকিট বিক্রি শুরু করা সম্ভব হচ্ছে না বলেও জানানো হয়।
এই ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়। মাত্র তিন ঘণ্টায় পোস্টটিতে এক হাজারের বেশি প্রতিক্রিয়া পড়ে। শাকিব ভক্তদের অনেকেই ঈদের দিন থেকে সিনেমাটি দেখতে পাবেন কি না, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
স্টার সিনেপ্লেক্সের শঙ্কা ও নির্মাতার আশাবাদ
বিকেল সাড়ে পাঁচটার দিকে নির্মাতা আজমান রুশো জানান, স্টার সিনেপ্লেক্স যা লিখেছে তা সেই মুহূর্তে সঠিক ছিল, কারণ তখনো কনটেন্ট ফাইল তাদের কাছে পৌঁছায়নি। তবে সমস্যার সমাধান হয়ে যাবে বলে তিনি আত্মবিশ্বাসী।
ঈদের দিন থেকেই মাল্টিপ্লেক্সে সিনেমা দেখা যাবে কি না — এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ইনশা আল্লাহ, আমরা আশাবাদী।’
উল্লেখ্য, গত ঈদে শাকিব খান অভিনীত ‘প্রিন্স: ওয়ান্স আ কিং ইন ঢাকা’ ডিসিপি-সংক্রান্ত জটিলতায় প্রথম কয়েক দিন মাল্টিপ্লেক্সে চলেনি। সেই অভিজ্ঞতার কারণেই এবার দর্শকদের মনে আগে থেকেই আশঙ্কা তৈরি হয়েছিল।
সিনেমায় শাকিব খানের রকস্টার চরিত্রটি একজন সংগীতশিল্পীর জীবনসংগ্রাম, উত্থান-পতন ও বাস্তব অভিজ্ঞতাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। নির্মাতা আজমান রুশো নিজেও একসময় সংগীতের সঙ্গে যুক্ত ছিলেন। নিজের জীবন ও বাস্তব রকস্টারদের অভিজ্ঞতার মিশেলে তিনি গল্পটি তৈরি করেছেন।
সিনেমায় শাকিবের বিপরীতে তিন নায়িকা হিসেবে রয়েছেন সাবিলা নূর, তানজিয়া মিথিলা ও সুনিধি নায়েক। বেশিরভাগ গানের কথা লিখেছেন ও সুর করেছেন আহমেদ হাসান সানি। সংগীত পরিচালনায় জাহিদ নিরব।
অঞ্জন চৌধুরী নিবেদিত সান মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন নুসরাত মাটি এবং সংলাপ লিখেছেন আয়মান আসিব ও সামিউল ভূঁইয়া। সিনেমাটির এক্সক্লুসিভ স্ট্রিমিং পার্টনার চরকি।

