রোনালদো মদ্রিচ: বিশ্বকাপের শেষ লড়াই আজ
রোনালদো মদ্রিচ— বিশ্ব ফুটবলের এই দুই কিংবদন্তির নাম আবারও একসঙ্গে উচ্চারিত হচ্ছে, তবে এবার প্রতিপক্ষ হিসেবে। আগামীকাল শুক্রবার (৩ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৫টায় টরন্টোয় বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ মুখোমুখি হবে পর্তুগাল ও ক্রোয়েশিয়া, আর মাঠে মুখোমুখি হবেন দুই সতীর্থ থেকে হয়ে ওঠা প্রতিদ্বন্দ্বী— ক্রিশ্চিয়ানো রোনালদো ও লুকা মদ্রিচ।
সাধারণত বিশ্বকাপ মানেই আলোচনায় থাকে মেসি-রোনালদো কিংবা আর্জেন্টিনা-ব্রাজিলের চিরায়ত দ্বৈরথ। কিন্তু এবার নকআউট পর্বের শুরুতেই ভিন্নধর্মী এক আবেগঘন লড়াইয়ের সাক্ষী হতে চলেছে ফুটবলবিশ্ব।
রিয়াল মাদ্রিদের সোনালি অধ্যায় থেকে প্রতিপক্ষের মঞ্চে
এক সময় রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুম ভাগাভাগি করেছেন রোনালদো ও মদ্রিচ। চ্যাম্পিয়নস লিগ, লা লিগা কিংবা ক্লাব বিশ্বকাপ— ইউরোপিয়ান ফুটবলের প্রায় প্রতিটি বড় শিরোপাই একসঙ্গে জিতেছেন তারা। মাঠে একজন ছিলেন গোলমেশিন, অন্যজন মাঝমাঠের কারিগর।
তবে দুজনের ক্যারিয়ারেই একটি বড় শূন্যতা রয়ে গেছে— বিশ্বকাপ ট্রফি। বয়সের হিসাবে এটাই হতে পারে তাদের শেষ বিশ্বকাপ, যদিও আনুষ্ঠানিক অবসরের ঘোষণা এখনো আসেনি কারো পক্ষ থেকেই। ফলে এই ম্যাচ শুধু একটি নকআউট লড়াই নয়, বরং দুই কিংবদন্তির অধরা স্বপ্নের শেষ চেষ্টাও বটে।
ম্যাচ শেষে একজন এগিয়ে যাবেন শিরোপার পথে, আর অন্যজনকে হয়তো অলিখিতভাবেই বিদায় জানাতে হবে বিশ্বকাপ মঞ্চ থেকে চিরতরে। তাই স্বাভাবিকভাবেই ফুটবলপ্রেমীদের নজর এখন শুধু ফলাফলে নয়, দুই তারকার শেষ বিশ্বকাপ-অধ্যায়ের দিকেও।

