খামেনির জানাজা আয়োজনে ইরানে বিশেষ কমিটি গঠন

ইরান সরকার খামেনির জানাজা রাষ্ট্রীয়ভাবে আয়োজনের জন্য একটি বিশেষ কমিটি গঠন করেছে। শুক্রবার (২৯ মে) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়। বিভিন্ন সরকারি সংস্থা ইতোমধ্যে পরিকল্পনা ও প্রস্তুতির কাজ শুরু করে দিয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রথম দফায় আয়াতুল্লাহ খামেনি নিহত হন। তিন দশকেরও বেশি সময় ধরে তিনি ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার আসনে ছিলেন। ওই হামলায় তার পুত্র ও উত্তরসূরি মুজতাবা খামেনিও আহত হন এবং ক্ষমতা গ্রহণের পর থেকে তাকে প্রকাশ্যে খুব কমই দেখা যাচ্ছে।
যুদ্ধের ডামাডোলে বারবার পিছিয়েছে জানাজা
চলমান যুদ্ধাবস্থার কারণে খামেনির রাষ্ট্রীয় জানাজা একাধিকবার পিছিয়ে যায়। এপ্রিল মাসে তার স্মরণে একটি স্মরণসভা আয়োজন করা হলেও পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় জানাজা তখনো সম্পন্ন হয়নি।
রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, সংশ্লিষ্ট সংস্থাগুলো এমন পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে, যাতে আনুষ্ঠানিক ঘোষণার সঙ্গে সঙ্গেই একটি জাঁকজমকপূর্ণ রাষ্ট্রীয় অনুষ্ঠান আয়োজন করা যায়। অনুষ্ঠানে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণের প্রত্যাশা রয়েছে।
উল্লেখ্য, এপ্রিল থেকে কার্যকর যুদ্ধবিরতি এখন পর্যন্ত মোটামুটি বহাল রয়েছে। তবে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে স্থায়ী সংঘাত নিরসনে কোনো চূড়ান্ত সমঝোতায় এখনো পৌঁছানো সম্ভব হয়নি।
