তিস্তা প্রকল্প নিয়ে ভারতকে কড়া জবাব দিলো চীন
তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের পরিপ্রেক্ষিতে কড়া অবস্থান নিয়েছে চীন। বেইজিং স্পষ্ট জানিয়েছে, বাংলাদেশের সঙ্গে তাদের এই সহযোগিতা কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয় এবং বাইরের প্রভাব থেকে এটি মুক্ত থাকা উচিত।
বেইজিংয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন ভারতের উদ্বেগ সংক্রান্ত প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন। সোমবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে উঠে আসে যে, তিস্তা অববাহিকা ভারতের উত্তর-পূর্বাঞ্চলের কাছে হওয়ায় বাংলাদেশ-চীন যৌথ উদ্যোগ নিয়ে নয়াদিল্লি উদ্বিগ্ন।
তিস্তায় চীনের অঙ্গীকার ও বাংলাদেশের প্রত্যাশা
গুও জিয়াকুন তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পকে (টিআরসিএমআরপি) বাংলাদেশের জনকল্যাণে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, এই প্রকল্প বাস্তবায়নে সর্বোচ্চ সহায়তা দিতে প্রস্তুত চীন।
চীনা মুখপাত্র আরও জানান, বাণিজ্য, অর্থনীতি, পানি সম্পদ ব্যবস্থাপনা এবং জনকল্যাণসহ নানা ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও গভীর করতে আগ্রহী বেইজিং।
এদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানিয়েছেন, প্রথমবারের মতো দুই দেশের বিশেষজ্ঞরা তিস্তা প্রকল্প নিয়ে যৌথ কারিগরি সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা করবেন। উভয় দেশ এ বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এবং চীনা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পাওয়ারচায়না তিস্তা প্রকল্প-সংক্রান্ত সমঝোতা স্মারকের (এমওইউ) মেয়াদ নবায়ন করে পুনরায় স্বাক্ষর করে, যা প্রকল্প বাস্তবায়নে নতুন গতি আনবে বলে আশা করা হচ্ছে।

