জামায়াত এমপির বাবা মুক্তিযুদ্ধ শহীদ দাবি: বাবা-মা জীবিত, দুঃখ প্রকাশ
নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের জামায়াত এমপি মুক্তিযুদ্ধ শহীদ দাবি করে বড় বিতর্কের জন্ম দিয়েছেন। সংসদ সদস্য আব্দুল মুনতাকিম বাজেট অধিবেশনে নিজেকে ‘শহীদের সন্তান’ বলে পরিচয় দিলেও তার বাবা-মা দুজনই সম্পূর্ণ সুস্থ ও জীবিত অবস্থায় সৈয়দপুরে বসবাস করছেন।
গত রোববার (১৪ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বক্তব্য রাখার সময় তিনি এই দাবি করেন। বক্তব্যটি প্রকাশ্যে আসার পর সামাজিক মাধ্যম এবং রাজনৈতিক মহলে তীব্র সমালোচনার ঝড় ওঠে।
অনুসন্ধানে জানা যায়, আব্দুল মুনতাকিমের বাবা আব্দুল কাদের সৈয়দী এবং মা মোসলমান বেগম এখনও জীবিত আছেন এবং সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ গ্রামে বসবাস করছেন।
হলফনামার তথ্যেই ফাঁকি ধরা পড়ে
নির্বাচনি হলফনামা অনুযায়ী, আব্দুল মুনতাকিমের জন্ম ১৯৮১ সালের ১০ জানুয়ারি — অর্থাৎ মহান মুক্তিযুদ্ধের প্রায় ১০ বছর পর। মনোনয়নপত্র দাখিলের সময় তার বয়স ছিল ৪৪ বছর ১১ মাস ২০ দিন। এই তথ্য প্রকাশ্যে আসায় ‘শহীদের সন্তান’ দাবিটি নিয়ে নতুন করে প্রশ্ন ওঠে।
তবে পরিস্থিতি সামলাতে তিনি দ্রুত ক্ষমা চান। আব্দুল মুনতাকিম বলেন, সংসদে বক্তব্য দেওয়ার সময় অসাবধানতাবশত ভুল তথ্য ও শব্দ উচ্চারিত হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।

