খেলাধুলা

ফিফার বিরুদ্ধে মামলা: ডালাসে তিমির দেয়ালচিত্র মুছে বিপাকে বিশ্বকাপ

২০২৬ ফিফা বিশ্বকাপের প্রচারণার জের ধরে এবার বৈশ্বিক ফুটবল সংস্থার বিরুদ্ধে আদালতে গেছেন এক শিল্পী। যুক্তরাষ্ট্রের ডালাস শহরে দুই যুগেরও বেশি সময় ধরে টিকে থাকা একটি বিখ্যাত তিমির দেয়ালচিত্র মুছে ফেলার অভিযোগে ফিফার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন মার্কিন শিল্পী রবার্ট ওয়াইল্যান্ড। ক্ষতিপূরণ হিসেবে তিনি চাইছেন কমপক্ষে আড়াই কোটি মার্কিন ডলার।

সোমবার ডালাসের ডিস্ট্রিক্ট কোর্টে দাখিল করা মামলায় ওয়াইল্যান্ড অভিযোগ করেন, বিশ্বকাপের আয়োজক কর্তৃপক্ষ, ভবন মালিক এবং ভবন ব্যবস্থাপনা প্রতিষ্ঠান তাঁর কোনো অনুমতি না নিয়ে এবং আগাম না জানিয়েই তাঁর শিল্পকর্মের উপর রং চাপিয়ে দেয়।

দুই যুগের পুরনো শিল্পকর্ম মুছে গেল বিশ্বকাপের রঙে

ডালাসের কেন্দ্রস্থলে একটি ভবনের দুই দিকের প্রায় ১ হাজার ৫৮০ বর্গমিটার দেয়ালজুড়ে এঁকেছিলেন সাঁতরানো একটি তিমির ছবি। ১৯৯৯ সালে সম্পন্ন হওয়া ওই শিল্পকর্ম পরবর্তী ২৫ বছরেরও বেশি সময় অবিকৃত ছিল। তবে আসন্ন ২০২৬ বিশ্বকাপ উপলক্ষে সেই দেয়ালে নতুন করে রং করা হয়েছে।

মামলায় ওয়াইল্যান্ড দাবি করেন, এই কাজটি ১৯৯০ সালের ‘ভিজ্যুয়াল আর্টিস্ট রাইটস অ্যাক্টের’ সরাসরি লঙ্ঘন। এই আইনটি ‘স্বীকৃত মর্যাদাসম্পন্ন’ শিল্পকর্মকে সুরক্ষা দেয়, এমনকি যদি সেই শিল্পকর্মটির ভৌত মালিকানা অন্য কারও হাতেও থাকে।

অভিযোগে বলা হয়েছে, বিশ্বকাপের প্রচার-প্রচারণার জন্য ‘তাড়াহুড়ো করে’ একটি নাগরিক ঐতিহ্যবাহী নিদর্শন চিরতরে ধ্বংস করা হয়েছে। যদিও ফিফার পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।

ভবনটির পরিচালনাকারী প্রতিষ্ঠান স্লেট অ্যাসেট ম্যানেজমেন্ট জানায়, স্থানীয় আয়োজকেরা মার্চ মাসে একটি নতুন পাবলিক আর্ট স্থাপনার জন্য দেয়ালটি চেয়েছিলেন এবং তাদের বলা হয়েছিল যে বিষয়টি আগেই ওয়াইল্যান্ডকে জানানো হয়েছে। তবে শিল্পী সেই দাবি সরাসরি নাকচ করে দিয়েছেন। ডালাসের স্থানীয় আয়োজক কমিটি বলেছে, পুরনো চিত্রের একটি অংশ সংরক্ষণ করা হবে এবং সেখানে যে নতুন শিল্পকর্ম স্থাপিত হবে, তা বিশ্বকাপের বৈশ্বিক চেতনা ও একতার প্রতীক হবে।

c24newsbd.com

c24newsbd.com

মোহাম্মদ সানাউল্লাহ, সি২৪ নিউজ বিডি-এর প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক। সঠিক সময়ে বস্তুনিষ্ঠ সংবাদ পাঠকদের কাছে পৌঁছে দিতে নিয়োজিত একজন মাল্টিমিডিয়া কনটেন্ট ক্রিয়েটর এবং গ্রাফিক ডিজাইনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *