রাজনীতি

এমপির মেয়ের মারধরে ক্ষুব্ধ জনতার বাড়ি ঘেরাও, যশোরে উত্তেজনা

মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের মারধরের অভিযোগ ঘিরে যশোরে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির গোলাম রসুলের এমপির মেয়ে মেহেজাবিন জান্নাত অনন্যার বিরুদ্ধে স্থানীয় মাদ্রাসার শিশুশিক্ষার্থীদের নির্যাতনের অভিযোগ ওঠার পর ক্ষুব্ধ এলাকাবাসী মঙ্গলবার (২৮ জুলাই) সকালে তার বাড়ি ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়েন।

সকাল ১০টার দিকে যশোর শহরের নীলগঞ্জ সুপারি বাগান এলাকায় জড়ো হয়ে বিক্ষুব্ধ জনতা এমপির বাসভবনের জানালা লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে ব্যাপক ভাঙচুর চালান। ঘটনার সময় গোলাম রসুল ও তার পরিবারের সদস্যরা বাসাতেই অবস্থান করছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় এবং বাড়ির সামনে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করে।

ঘটনার সূত্রপাত কীভাবে

স্থানীয়দের ভাষ্যমতে, এমপির বাড়ির উল্টো দিকে অবস্থিত আল মাদ্রাসাতুল শারইয়্যাহ’র শিশুশিক্ষার্থীদের সোমবার বিকালে ভয়ভীতি দেখিয়ে মারধর করেন অনন্যা। বিষয়টি নিয়ে সেদিনই মাদ্রাসা কর্তৃপক্ষ ও সংসদ সদস্যের পরিবারের মধ্যে পুলিশের মধ্যস্থতায় একটি সমঝোতা হয়। কিন্তু মঙ্গলবার সকালে ফের শিশুদের ওপর চড়াও হন তিনি, এমনকি একজন অভিভাবককে তালা ছুড়ে মাথায় আঘাত করার অভিযোগও ওঠে। এরপরই ক্ষুব্ধ অভিভাবক ও এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে বাড়ির প্রধান ফটক ভাঙার চেষ্টা চালান।

আল মাদ্রাসাতুল শারইয়্যাহ’র মুহতামিম কবির হোসাইন বলেন, শিশুদের ওপর বারবার হয়রানির পরও কোনো স্থায়ী সমাধান না হওয়ায় এদিন বিক্ষোভের জন্ম হয়। তিন ঘণ্টারও বেশি সময় ধরে অবরুদ্ধ থাকেন এমপি ও তার পরিবার।

অন্যদিকে সংসদ সদস্যের স্ত্রী শারমিন ডিনা পাল্টা দাবি করেন, তার মেয়ে মানসিক সমস্যায় ভুগছেন এবং মাদ্রাসা বন্ধ থাকা অবস্থায় শিশুরা এসে গোলযোগ সৃষ্টি করায় বিরোধের সূত্রপাত। তিনি বাড়িতে হামলা চালিয়ে মিথ্যা অভিযোগ আনার অভিযোগও তোলেন।

কোতোয়ালি থানার ওসি মাসুম খান জানান, ঘটনাটি নিয়ে উভয় পক্ষকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

c24newsbd.com

c24newsbd.com

মোহাম্মদ সানাউল্লাহ, সি২৪ নিউজ বিডি-এর প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক। সঠিক সময়ে বস্তুনিষ্ঠ সংবাদ পাঠকদের কাছে পৌঁছে দিতে নিয়োজিত একজন মাল্টিমিডিয়া কনটেন্ট ক্রিয়েটর এবং গ্রাফিক ডিজাইনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *