শাকিব খান মেয়ের বাবা, নাম রাখা হলো শার্লিন খান
দুই পুত্রসন্তানের জনক ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান মেয়ের বাবা হলেন এবার। চিত্রনায়িকা শবনম বুবলী শুক্রবার (৫ জুন) দুপুরে ফেসবুকে একটি আবেগময় পোস্টের মাধ্যমে জানান, গত ১১ মে তাদের ঘরে একটি ফুটফুটে কন্যাসন্তানের জন্ম হয়েছে। নবজাতকের নাম রাখা হয়েছে শার্লিন খান।
বুবলী তার পোস্টে লেখেন, মহান আল্লাহর অশেষ কৃপায় তাদের পরিবারে নতুন অতিথির আগমন হয়েছে। এই আনন্দঘন মুহূর্তে যারা দোয়া ও শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মেয়ের জন্য সবার দোয়া প্রার্থনা করেন।
পোস্টের সঙ্গে শেয়ার করা ছবিতে শিশুটির নাম শার্লিন খান উল্লেখসহ শাকিব ও বুবলীকে ‘এলেটেড প্যারেন্টস’ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়।
কন্যার আগমনের আগেই ছিল গুঞ্জন
বেশ কিছুদিন ধরেই শোবিজ অঙ্গনে বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি আলোচনায় ছিল। তবে সে সময় এ নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি এই অভিনেত্রী। সাম্প্রতিক মাসগুলোতে অভিনয় ও গণমাধ্যম থেকেও অনেকটা দূরে ছিলেন তিনি।
উল্লেখ্য, অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর ২০১৮ সালের ২০ জুলাই শবনম বুবলীকে বিয়ে করেন শাকিব খান। ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রে তাদের ছেলে শেহজাদ খান বীরের জন্ম হয়। ২০২২ সালে বিয়ে ও সন্তানের বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন এই দুই তারকা।
অপু বিশ্বাসের ঘরে শাকিবের আরেক পুত্র আব্রাহাম খান জয় রয়েছেন। সব মিলিয়ে শার্লিন খানকে নিয়ে শাকিব খান এখন তিন সন্তানের জনক।

