তথ্যপ্রযুক্তি

হোয়াটসঅ্যাপ কলে যুক্ত হলো ওয়েবে নতুন সুবিধা

হোয়াটসঅ্যাপ কল এখন থেকে আর শুধু মোবাইল অ্যাপ বা ডেস্কটপ অ্যাপে সীমাবদ্ধ থাকছে না। ওয়েব ব্রাউজার থেকেই ব্যবহারকারীরা এখন অডিও ও ভিডিও কল করতে এবং রিসিভ করতে পারবেন বলে জানিয়েছে প্ল্যাটফর্মটির মূল প্রতিষ্ঠান মেটা।

দীর্ঘদিন ধরে হোয়াটসঅ্যাপের কলিং সুবিধা শুধু স্মার্টফোন অ্যাপ এবং নিজস্ব ডেস্কটপ অ্যাপের মধ্যেই আটকে ছিল। এবার সেই সীমাবদ্ধতা কাটিয়ে ওয়েব সংস্করণেও পূর্ণাঙ্গ কলিং সুবিধা চালু করা হচ্ছে।

নতুন এই আপডেটে স্মার্টফোন ও ডেস্কটপ অ্যাপের মতোই ওয়েব ইন্টারফেসের কলস ট্যাবে ব্যবহারকারীর কল হিস্ট্রি ও প্রিয় তালিকা (ফেভারিটস) সংরক্ষিত থাকবে। পাশাপাশি স্ক্রিন-শেয়ারিং ও রিঅ্যাকশনের মতো ফিচারগুলোও ওয়েব সংস্করণে সমর্থন করবে।

কল ট্রান্সফার ও ওয়েটিং রুম সুবিধা

হোয়াটসঅ্যাপ কলিংয়ের জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট আনছে মেটা। এখন থেকে ব্যবহারকারীরা কল কেটে না দিয়েই এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে চলমান কল ট্রান্সফার করতে পারবেন। অর্থাৎ ডেস্কটপ বা ওয়েবে শুরু হওয়া কল ফোনেও নির্বিঘ্নে চালিয়ে যাওয়া যাবে।

এছাড়া চালু হচ্ছে ওয়েটিং রুম সুবিধা। গ্রুপ কলের লিংক থাকলেও হোস্ট চাইলে অংশগ্রহণকারীদের অনুমতি দিয়ে বা বাদ দিয়ে নিয়ন্ত্রণ রাখতে পারবেন। অফিসিয়াল কল আয়োজনকারীদের জন্য এই ফিচারটি বিশেষভাবে কার্যকর হবে। কল লিংক তৈরির সময় ‘যোগদানের জন্য অনুমোদন প্রয়োজন’ অপশন চালু করার সুযোগ থাকবে।

ভিডিও মান ও শব্দ ফিল্টারিংয়ে উন্নতি

নতুন আপডেটে যুক্ত হয়েছে ব্যাকগ্রাউন্ড নয়েজ সাপ্রেশন প্রযুক্তি, যা কোলাহলপূর্ণ পরিবেশের অপ্রয়োজনীয় শব্দ ফিল্টার করে বাদ দেবে। পাশাপাশি এখন থেকে কলের শুরুর কয়েক সেকেন্ডের মধ্যেই হাই-ডেফিনেশন মানে ভিডিও স্ট্রিমিং শুরু হবে, যেখানে আগে এই মান পেতে কিছুটা সময় লাগত।

সম্প্রতি হোয়াটসঅ্যাপ ইউজারনেম রিজার্ভেশনের সুবিধাও চালু করেছে। এই ফিচার পুরোপুরি চালু হলে ব্যবহারকারীরা বিভিন্ন প্ল্যাটফর্মে ফোন নম্বরের বদলে ইউজারনেম ব্যবহার করেই একে অপরকে কল করতে পারবেন।

c24newsbd.com

c24newsbd.com

মোহাম্মদ সানাউল্লাহ, সি২৪ নিউজ বিডি-এর প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক। সঠিক সময়ে বস্তুনিষ্ঠ সংবাদ পাঠকদের কাছে পৌঁছে দিতে নিয়োজিত একজন মাল্টিমিডিয়া কনটেন্ট ক্রিয়েটর এবং গ্রাফিক ডিজাইনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *